উল্লাপাড়ায় হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ – Sirajganj Times

উল্লাপাড়ায় হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শ্মশানের চাবি সংরক্ষণের দায়িত্বে থাকা এক ব্যক্তির সিদ্ধান্তে এক হিন্দু নারীর সৎকারে বাধা সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষ।

রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া মহল্লার বাসিন্দা গণেশ বনিকের স্ত্রী মিনা বনিক মারা যান। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহ সৎকারের জন্য ঘোষগাতী মহাশ্মশানে নেওয়া হলে শ্মশানের চাবি না দেওয়ায় সৎকার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরিবারের অভিযোগ, শ্মশানের চাবির দায়িত্বে থাকা বাবলু ভৌমিক কোনো যৌক্তিক কারণ ছাড়াই চাবি দিতে অস্বীকৃতি জানান এবং মরদেহ ফেরত পাঠানোর চেষ্টা করেন। এতে তাৎক্ষণিকভাবে সৎকারে বাধা সৃষ্টি হয়।

নিহতের ছেলে সন্তোষ বনিক জানান, এ অবস্থায় তারা মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে একই শ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এটি কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক বিষয় নয়। একজন ব্যক্তির একক সিদ্ধান্ত ও শ্মশান ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা শ্মশান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে বাবলু ভৌমিক বলেন, শ্মশানের নাম সংক্রান্ত বিভ্রান্তির কারণে চাবি দেওয়া হয়নি। পরে প্রশাসনের নির্দেশে চাবি দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং শ্মশান ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা ব্যক্তিগত সিদ্ধান্তে সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।